পীরগাছায় রাতের আঁধারে ৪১০ পেঁপে গাছ কর্তন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় দুর্বৃত্তদের হামলায় ৪৪ শতক জমির প্রায় ৪১০টি ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম জানান, অনেক শ্রম ও অর্থ বিনিয়োগ করে তিনি ৪৪ শতক জমিতে পেঁপের বাগান গড়ে তুলেছিলেন। সকালে বাগানে গিয়ে সব গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় ন্যায়বিচার দাবি করে তিনি পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগ হাতে পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা