ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৩২ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চারজন প্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা নিশ্চিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারকারী চার প্রার্থী হলেন— নওগাঁ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিসের আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ আসনের এবি পার্টির কাজী আতিকুর রহমান। তাদের প্রত্যাহারের পর এখন জেলার ছয়টি আসনেই বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
আসনভিত্তিক প্রার্থীদের বিশ্লেষণে দেখা যায়, নওগাঁ-১ আসনে ৫ জন, নওগাঁ-২ আসনে ৩ জন, নওগাঁ-৩ আসনে ৮ জন, নওগাঁ-৪ আসনে ৬ জন, নওগাঁ-৫ আসনে ৫ জন এবং নওগাঁ-৬ আসনে ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। নওগাঁ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ও জামায়াতের মাহবুবুল আলমের পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা লড়াই করছেন। নওগাঁ-২ আসনে বিএনপির সামসুজ্জোহা খান ও জামায়াতের এনামুল হকের সাথে এবি পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি ৮ জন প্রার্থী লড়ছেন নওগাঁ-৩ আসনে, যেখানে বিএনপি ও জামায়াতের বাইরে বাসদ এবং স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায় আছেন।
নওগাঁ-৪ আসনে বিএনপির ইকরামুল বারী টিপু ও জামায়াতের আব্দুর রাকিবসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির জাহিদুল ইসলাম ধলু ও জামায়াতের আবু সাদাত মো. সায়েমসহ ৫ জন এবং নওগাঁ-৬ আসনে বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও জামায়াতের খবিরুল ইসলামসহ ৫ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এবারের নির্বাচনে নওগাঁর ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৫৫ হাজার ৬৮৪ জন। ভোটার তালিকায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি হওয়া এবং হিজড়া ভোটারের উপস্থিতি নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর নওগাঁর প্রতিটি জনপদে এখন নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ