নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ঘাতক ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) এবং তার শিশুকন্যা ফাতেমা জান্নাত (৯)। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে ভাঙচুর চালায় এবং চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কাউসার রহমান নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে সাপাহার থেকে নজিপুর অভিমুখী একটি কাঠবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা খাদিজা ও মেয়ে ফাতেমা জান্নাতের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর আশপাশের উৎসুক জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর চালায় এবং চালককে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে এবং চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন