নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন থানা এলাকায় মোট ২৬টি স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসব অভিযানে নিয়মিত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি নতুন মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে আরও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে পুলিশের এই বিশেষ অভিযানে মোট ২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বহাল থাকবে। মাদক ব্যবসা, কেনাবেচা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন