ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য নির্ধারিত নিয়মে জনসমাগম স্থলে বিক্রির কথা থাকলেও মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আঁধারে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারীর বিরুদ্ধে বিধিবিধান উপেক্ষা করে নিজের খেয়ালখুশি মতো নিজ গ্রামের স্বজনদের মাঝে এসব পণ্য বিতরণের এই অভিযোগ করেন স্থানীয়রা। সরকারি নীতিমালা লঙ্ঘন করে রাতের বেলায় এভাবে পণ্য বিক্রি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এলাকাবাসীর দাবি, সরকারি নিয়ম অনুযায়ী দিনের আলোতে নির্দিষ্ট স্থানে কার্ডধারীদের উপস্থিতিতে পণ্য বিতরণের কথা থাকলেও তা অমান্য করা হয়েছে। রাতের আঁধারে পণ্য বিক্রি করাকে অনিয়মের শামিল ও নীতিমালার পরিপন্থী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, এসি ল্যান্ড অফিসের ওই কর্মচারী ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে নিজ আত্মীয়-স্বজনদের সুবিধা করে দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, দিনের বেলায় প্রকাশ্যে পণ্য বিতরণ না করে রাতের আঁধারে তা নির্দিষ্ট কিছু মানুষের কাছে সরিয়ে ফেলা হচ্ছে। এতে প্রকৃত কার্ডধারীরা ন্যায্যমূল্যের পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে পুরো বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের দাবি, সরকারি এই মহৎ উদ্যোগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। গজারিয়াবাসী অবিলম্বে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, রমজানের আগে এমন অনিয়ম বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ