জৈন্তাপুরে চা বাগান থেকে র‍্যাবের অভিযানে এয়ারগান উদ্ধার

জৈন্তাপুরে চা বাগান থেকে র‍্যাবের অভিযানে এয়ারগান উদ্ধার

তিমির বনিক, সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকার একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। রবিবার (১৮ জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চিকনাগুল এলাকার একটি চা বাগানের গহিন অংশে তল্লাশি চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক ধারণা, এই অস্ত্রগুলো কোনো অসাধু চক্র বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করে রেখেছিল। তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, র‍্যাব-৯ এর পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বড় সাফল্য এসেছে। এই সময়ে সংস্থাটি মোট ৩৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক দ্রব্য, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। এছাড়া একই সময়ের মধ্যে বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ সর্বমোট ৬৩টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন