ফেনীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ফেনীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ জহিরুল হক মিলন, ফেনী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক। এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রুবায়েত বিন করিম ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জেলা পুলিশ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন