কোটালীপাড়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

কোটালীপাড়ায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা তিন দিনের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

আজ সোমবার কর্মসূচির দ্বিতীয় দিনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে জড়ো হয়ে কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানান।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে সরকারি কর্মচারীদের এই কর্মবিরতি ও বিক্ষোভ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নির্বাচনের প্রাক্কালে মাঠ প্রশাসনের কর্মচারীদের এমন আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ও অস্বস্তি বিরাজ করছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুপ্তা হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শুনেছি সাধারণ কর্মচারীরা নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তবে উপজেলা প্রশাসন এই কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের কর্মসূচি পালন করা কোনোভাবেই সমীচীন নয়।”

আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল না হওয়ায় তারা চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন