ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: খেলাফত মজলিসের আমির ও হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের জোট মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর) বলেছেন, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বানিয়াচংয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল বাসিত আজাদ তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, "বিজয়ী হলে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে। এ দেশে কোনো সংখ্যালঘু নেই—সবাই এ দেশের সমান নাগরিক।"
এলাকার হাওর ও জলমহাল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নদী-নালা ও খাল-বিল আল্লাহর সৃষ্টি। আমরা জয়লাভ করলে এসব জলমহাল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে প্রতিটি গ্রামের মানুষ তা ব্যবহার করে নিজেদের এলাকার উন্নয়ন তহবিল গঠন করতে পারে।"
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, "আমার কর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং এজেন্টদের কেন্দ্রে না যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন স্থানে নির্বাচনী ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।" এসময় তিনি অপশক্তি রুখতে এবং জাল ভোট প্রতিহত করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বানিয়াচং ও আজমিরীগঞ্জের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ