‘কোনো কিছুই নির্বাচন আটকাতে পারবে না’: ফেনীতে অর্থ উপদেষ্টা

‘কোনো কিছুই নির্বাচন আটকাতে পারবে না’: ফেনীতে অর্থ উপদেষ্টা

ফেনী প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং কোনো অজুহাত বা পরিস্থিতিই এই নির্বাচনকে আটকাতে পারবে না। তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচনের পথে কোনো ধরনের বাধা সৃষ্টি হতে দেওয়া হবে না এবং বর্তমানে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতিও দেশে বিরাজ করছে না। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশটিকে ধ্বংসের কিনারা বা ‘আইসিইউ’ থেকে উদ্ধার করে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসেছে। তবে সামনে এখনো অনেক বড় বড় চ্যালেঞ্জ ও সংগ্রামের পথ রয়েছে। তিনি সংস্কার কার্যক্রমকে টেকসই করতে এবং দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। ড. সালেহউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন যে, সংস্কারের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন