মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় ‘বডি অন’ ক্যামেরার ব্যবহার

মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় ‘বডি অন’ ক্যামেরার ব্যবহার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ‘বডি অন’ ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হিলালপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বডি অন’ ক্যামেরার মহড়া ও কেন্দ্র পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার অধীনে মোট ৫৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোর ঝুঁকির মাত্রা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এবারের নির্বাচনে নতুন সংযোজন হিসেবে অনলাইন ‘বডি অন’ ক্যামেরা বিশেষ ভূমিকা রাখবে। এই ক্যামেরাগুলো তাৎক্ষণিক দৃশ্যপট ধারণ ও রেকর্ড করতে সক্ষম এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি যেকোনো স্থান থেকে সরাসরি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে এই প্রযুক্তি সহায়তা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা জানান, জেলার প্রায় ২৭৯৯ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২১ লাখ ২২ হাজার ৭০৩ জন মানুষের বসবাস, যার মধ্যে ভোটার সংখ্যা ১৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন। ভৌগোলিক অবস্থান ও সীমান্ত এলাকা বিবেচনায় কেন্দ্রগুলোকে সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ—এই তিন স্তরে ভাগ করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একাধিক ‘বডি অন’ ক্যামেরা ব্যবহার করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন জানান, এই প্রযুক্তির মাধ্যমে পুলিশ সদরদপ্তর, বিভাগীয় ডিআইজি কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একযোগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিটি ভোটকেন্দ্র দফায় দফায় পরিদর্শন করা হচ্ছে এবং তারা একে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন