এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই গণ-অভ্যুত্থান হলে’ এই বিশাল যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিপিতে নতুন করে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের পাশাপাশি এলডিপি ও বিএনপির বেশ কয়েকজন পরিচিত নেতাও রয়েছেন।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের ইতিহাস আজীবনই আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি এই অঞ্চলকে আরও সুসংগঠিত করবে এবং দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেশাজীবীদের এই বড় আকারের যোগদান এনসিপির সাংগঠনিক শক্তিকে আরও জোরালো করবে।
এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নবাগত সদস্যরা জানান, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক অধিকার নিশ্চিত এবং সুস্থ ধারার রাজনীতি চর্চার লক্ষ্যেই তারা এনসিপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠান শেষে নতুন কর্মীদের নিয়ে সাংগঠনিক নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
জান্নাত/সকালবেলা