প্রধানমন্ত্রীর ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
মাহমুদ হাসান পিয়াল ঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলি মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে মিছিলের সমাপ্তি ঘটে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

প্রধান অতিথি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অবিস্মরণীয় ভূমিকা ছিল, তারা দেশকে আন্দোলনের মাধ্যমে রক্ষা করেছেন, তাদের এই ভূমিকা কে অবিস্মরণীয়ভাবে স্মরণ রাখতে চান, প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার উপর থেকে যে ভ্যাট হ্রাস করেছেন সেজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মিছিলটির নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকায় অবস্থিত প্রায় ৫০–৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা-উন্নয়নে গৃহীত এ ধরনের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও আরও শিক্ষার্থী-বান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানান।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শিক্ষা-বান্ধব এ সিদ্ধান্তে তারা অত্যন্ত আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও যুগোপযোগী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হবে—এটাই দেশের শিক্ষার্থীদের প্রত্যাশা। তিনি প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দাবি তুলেন।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা-সংক্রান্ত যুগান্তকারী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন জানানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মন্তব্য করুন