রাষ্ট্রনায়কের বদলে আমরা ‘ইঞ্জিনিয়ার’ পেয়েছি: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
রাষ্ট্রনায়কের বদলে আমরা ‘ইঞ্জিনিয়ার’ পেয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, অন্যান্য দেশ রাষ্ট্রনায়ক পেলেও তারা পেয়েছেন ‘ইঞ্জিনিয়ার’। 

শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনাদের অনেকেরই ক্ষোভ ও কষ্ট রয়েছে; ভোট এক জায়গায় দেওয়া হলেও ফল বা পোস্টিং হয়েছে অন্য জায়গায়। ট্রেন, বাস ও লঞ্চ—সবখানেই দাড়িপাল্লার স্লোগান শোনা গেছে; তাহলে অন্যরা কীভাবে ক্ষমতায় গেল? আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। সকল দেশ রাষ্ট্রনায়ক পায়, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।’

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি সবকিছু প্রত্যক্ষ করছে এবং তাঁদের অবস্থান একেবারে পরিষ্কার। কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়; তবে কোনো দল বা ব্যক্তি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে অপকর্ম করে, তবে সেই কর্মকাণ্ডই তাঁদের শত্রু এবং সে বিষয়ে তাঁরা আপস করবেন না। জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত জাতীয় ঐক্য চাইলে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে; শাসকের মর্যাদা ও ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে তাঁর চারপাশের লোকজনের ওপর।

প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, তিনি কেমন শাসক—তা বোঝা যায় তাঁর সহযোগী ও সহযোদ্ধাদের দিকে তাকালে। দেশে ও প্রবাসে দলের প্রতি অনুগত ও যোগ্যতাসম্পন্ন বহু মানুষ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেইসব দক্ষ ব্যক্তিদের নিয়ে দল ও টিম সাজালে দেশ উপকৃত হবে এবং ১৭ কোটি নাগরিকের একজন হিসেবে তিনি নিজেও এর সুফল পাবেন।

দুর্নীতি ও মাদক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকা জরুরি; অথচ সংসদে মাদক নিয়ন্ত্রণ বিল এনে তা পাস করানো হয়েছে, যেখানে মাদক নিয়ন্ত্রণ নয় বরং নির্মূল করা প্রয়োজন। তাঁর অভিযোগ, আগে যাঁরা মাদকের কারবারে জড়িত ছিলেন, তাঁরা সরে গেলেও এখন ক্ষমতাসীন দলের নেতারা সেই কারবার নিয়ন্ত্রণ করছেন; স্বরাষ্ট্রমন্ত্রীর এ বিষয়গুলো দেখার কথা থাকলেও তিনি তা সামাল দিতে পারছেন না।

সংসদে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় এমনভাবে কথা বলা হয় যেন দেশ অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে আছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিগত সাড়ে ১৫ বছরের নির্যাতনের স্মৃতিচারণা করে জামায়াত আমির বলেন, তাঁরাও দীর্ঘ সময় নিপীড়নের শিকার হয়েছেন; ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ গুম হওয়া অনেকের খোঁজ আজও মেলেনি, যদিও আরমান ফিরে এসেছেন। নিজ দলের ত্যাগী ও নিখোঁজ সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঠিক পথে ফেরার আহ্বান জানান তিনি।

এআইএল/সকালবেলা