মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

শুনানিতে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালকে জানান, গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রোববার তাঁকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন; কিন্তু তাঁর ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজে পায়নি। এ কারণে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি জারির আবেদন করা হয়। ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করে আগামী ১২ ডিসেম্বর তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এই মামলায় মোট সাত আসামির মধ্যে ছয়জন ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন—সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমনে নামে। এ মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ, সহায়তা ও পরামর্শ দেন; যার ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হন বলে অভিযোগ আনা হয়েছে।

এআইএল/সকালবেলা