চুয়াডাঙ্গায় এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত মাত্র ৭ জন!

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত মাত্র ৭ জন!

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: কোনো ব্যানার কিংবা উল্লেখযোগ্য জমায়েত ছাড়াই মাত্র সাতজন নেতাকর্মীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখা।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল পৌনে ৬টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এই সংক্ষিপ্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন বলেন, "হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের প্রতিবাদি আন্দোলন অব্যাহত থাকবে।"

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "বিগত শাসনকালের ফ্যাসিবাদী আচরণের প্রতিরূপই যেন আমরা নতুন করে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ এমন বাংলাদেশ চায় না; আমরা একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দাবিতে অনড়।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াসিন আলী এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন