ইউএনওকে সংবর্ধনা দিয়ে সমালোচনার মুখে জামায়াতের এমপি

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
ইউএনওকে সংবর্ধনা দিয়ে সমালোচনার মুখে জামায়াতের এমপি

কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাঁর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সদ্য যোগদানকৃত ইউএনওকে সংবর্ধনা দেওয়ায় প্রশাসনিক নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরুকে ফুল দিয়ে বরণ করে নেন ও উপহার তুলে দেন সংসদ সদস্য আব্দুল গফুর।

জনপ্রতিনিধি কর্তৃক একজন সরকারি কর্মকর্তাকে নিজ কার্যালয়ে গিয়ে সংবর্ধনা জানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা চর্চা। সমালোচকদের মতে, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি। সাধারণত প্রশাসনিক কর্মকর্তারা সংসদ সদস্যকে অভ্যর্থনা জানিয়ে থাকেন। এভাবে এমপি কর্তৃক ইউএনও কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দেওয়া প্রশাসনিক ব্যবস্থার স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, "একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব বা অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়, যা প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।"

তবে অনেকেই এই পদক্ষেপকে ইতিবাচক 'রাজনৈতিক শিষ্টাচার' হিসেবেও দেখছেন। তাঁদের মতে, এতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কাজের সমন্বয় বৃদ্ধি পাবে।

এ বিষয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, "যেহেতু এলাকার উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সেই জায়গা থেকেই এমপি স্যার সৌজন্য সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।"

এ নিয়ে কথা বলতে সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি নিজ ফেসবুক পেজে ওই সংবর্ধনার ছবি পোস্ট করে নতুন ইউএনওকে শুভেচ্ছা জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন