আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়ে দিয়েছিল: রিজভী
এম. জহিরুল হক মিলন, ফেনী: আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ হারুন উর রশিদের পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, "বিগত ১৭ বছরের শাসন আমলে আওয়ামী লীগের লালিত পুলিশ বাহিনী বিরোধী দলের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। ফেনীর হারুনের মতো সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করে কারও লাশ নদীতে, আবার কারও লাশ পুকুরপাড়ে ফেলে রাখা হয়েছে।"
তিনি আরও বলেন, হারুন সাধারণ একজন কর্মী ছিলেন, যাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাঁর তিন সন্তানকে এতিম করা হয়েছে। বিএনপি সবসময় নির্যাতিত ও শহীদ পরিবারের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, কেন্দ্রীয় বিএনপি নেতা বেলাল আহমেদ, বেলাল হোসেন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে শহীদ হারুন উর রশিদের কবর জিয়ারত ও বিশেষ দোয়ায় অংশ নেন দলটির জ্যেষ্ঠ নেতারা।
এআইএল/সকালবেলা