ডেস্ক রিপোর্ট: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক ও সংবাদপত্র সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।
রোববার (৩ মে ২০২৬) এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
খালেদ সাইফুল্লাহ সোহেল তাঁর বিবৃতিতে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, “একটি সবল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।
জনগণের প্রত্যাশা ও সমস্যা জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।” তিনি আরও মনে করেন, উন্নত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সময়ের বড় দাবি।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা হয়রানি কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গণমাধ্যমের নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিশেষ করে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে ভিপি সোহেল সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান এবং এমন একটি আগামীর প্রত্যাশা করেন, যেখানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে জনগণের পক্ষে কথা বলবে।
জান্নাত/সকালবেলা