গণভোটের নিশ্চয়তা ছাড়া সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না জামায়াত
নিজস্ব প্রতিবেদক: সংবিধানের অষ্টাদশ সংশোধনীর জন্য বিএনপির প্রস্তাবিত বিশেষ কমিটিতে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা না পেলে এই প্রক্রিয়ায় অংশ নেবে না জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র ১১ দলীয় জোট। তাদের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে কেবল সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন করা হলে তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না।
জোটের শরিক দলগুলোর মতে, গণভোটের মাধ্যমে অনুমোদিত ‘জুলাই জাতীয় সনদ’ বা সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন করা ছিল একটি আইনি বাধ্যবাধকতা। কিন্তু বিএনপি সেই আদেশকে গুরুত্ব না দিয়ে নিজেদের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের আলোকে সংবিধান সংশোধন করতে চাইছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে একচেটিয়া সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বিরোধী দলের কোনো মতামতকে আমলে নেওয়া হয় না। এমন পরিস্থিতিতে কেবল সরকারি দলের মর্জি অনুযায়ী করা কাজকে বৈধতা দিতে তারা কমিটিতে যাবে না।
আগামী ৫ জুন সংসদে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত এপ্রিলে ১৭ সদস্যের এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, বাজেট অধিবেশনের আগে কমিটিতে নাম দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা চান বিশেষ কমিটির পরিবর্তে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা হোক।
এদিকে, জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে কাল শনিবার থেকে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে চতুর্থ দফার আন্দোলন শুরু করছে ১১ দল। ২৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে এই কর্মসূচি চলবে। জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গণভোটের ফলাফল অনুযায়ী উচ্চকক্ষ গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নির্ধারণসহ মৌলিক বিষয়গুলোতে তারা কোনো আপস করবে না।