পদ্মা ব্যারাজ ঘোষণার প্রশংসা জামায়াত আমিরের, তিস্তা মহাপরিকল্পনার দাবি

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
পদ্মা ব্যারাজ ঘোষণার প্রশংসা জামায়াত আমিরের, তিস্তা মহাপরিকল্পনার দাবি

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এই উদ্যোগ যেন শুধু লোক দেখানো না হয়, সেই তাগিদ দেওয়ার পাশাপাশি ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নদী ও পানির অধিকার নিয়ে জামায়াত আমির বলেন, ‘শুকনো মৌসুমে পদ্মা মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধের কারণে দেশের ১৫৪টি অভিন্ন নদী আজ মৃতপ্রায়। নদী সচল না হলে খালের পানি আসবে কোত্থেকে? তাই খালের পাশাপাশি আগে নদীর নাব্যতা ফেরানোর দিকে নজর দিতে হবে।’ কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের তাগিদ দেন তিনি।

পার্শ্ববর্তী দেশের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিবেশীকে সম্মান করি এবং সেখানে কোনো বিভাজন চাই না। কিন্তু মুসলিম পরিচয়ে মানুষকে নাজেহাল করা ও বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো বরদাশত করা হবে না। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যেকোনো অন্যায় রুখে দেবে।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংক-বিমা লুটপাটের কারণে বেকারত্ব বাড়ছে। এই অবস্থায় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে ১১ দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।