বিয়ে করলেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিয়ে করলেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট কয়েকজন আলেম এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। ৬২ বছর বয়সী আল্লামা সাজিদুর রহমান বর্তমানে জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, নববধূর নাম আমাতুর রহমান, যিনি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের বড় মেয়ে। কয়েকমাস আগে আমাতুর রহমানের প্রথম স্বামী মারা যান; সেই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই বিয়ের সিদ্ধান্ত নিলেন। সাজিদুর রহমানের প্রথম সংসারে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম এবং কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্প্রতি দেশের আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই হেফাজত মহাসচিবের এই বিয়ের খবর সামনে এলো। আলেম সমাজের পক্ষ থেকে বিষয়টিকে পারিবারিকভাবে একটি সুন্নতি আমল এবং সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

জান্নাত/সকালবেলা