জাতিসংঘ ফোরামে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
জাতিসংঘ ফোরামে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ রবিবার (৩ মে ২০২৬) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

প্রতিনিধিদল ও সফরের লক্ষ্য: মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে এই প্রতিনিধিদলের সাথে যুক্ত হবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন অনুযায়ী, আগামী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এটি মূলত নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ক ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান বৈশ্বিক প্ল্যাটফর্ম।

কর্মসূচি: সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন। পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ ও অবস্থান বিশ্বদরবারে তুলে ধরবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

জান্নাত/সকালবেলা