বিনোদন ও রাজনীতি ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নাদিয়া পাঠান পাপনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পাপনকে রাজপথের একনিষ্ঠ কর্মী হিসেবে অভিহিত করেন।
রাশেদ খাঁন তাঁর স্ট্যাটাসে লেখেন, "আমি তাকে অনেক আগে থেকেই চিনি। ঢাকার বুকে যে অল্প ক’জন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকতেন, পাপন আপা তাদের একজন।" তিনি অভিযোগ করেন, পাপনকে নিয়ে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার যে প্রশ্ন তোলা হচ্ছে, তা বাস্তবতা যাচাই না করেই করা হচ্ছে। এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, কিছু গণমাধ্যম শুধুমাত্র পারিবারিক পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস এবং আন্দোলন-সংগ্রামের বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমেই তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেয়ে নাদিয়া পাঠান পাপনকে ঘিরে সম্প্রতি তাঁর মা আওয়ামী লীগ নেত্রী হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটেই রাশেদ খাঁন এই স্পষ্ট বার্তা দিলেন এবং পাপনের প্রতি তাঁর শুভকামনা জানান।
জান্নাত/সকালবেলা