নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, এই সনদে সব দল স্বাক্ষর করলেও এখন ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) তা মানতে চাইছে না।
শুক্রবার (৮ মে ২০২৬) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “জুলাই জাতীয় সনদে প্রথমে এনসিপি স্বাক্ষর না করলেও পরে তারা করেছে। এখন তারা যা বলছে তা সনদের পরিপন্থী। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন যে, এই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে এটি কার্যকর করতে হলে জাতীয় সংসদে বিল উত্থাপন করে দুই-তৃতীয়াংশ মেজরিটি দিয়ে পাস করাতে হবে। এর জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে।”
সংসদীয় কার্যক্রমের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া শতাধিক অধ্যাদেশ পাস করতে সংসদের অনেকটা সময় ব্যয় হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “সংসদ সদস্য হয়ে যদি কেউ সংসদীয় নিয়ম ও আইন বুঝতে না চান, তবে সেটি হবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপি কোনো হুমকি-ধামকিতে ভয় পায় না।”
এনসিপি এবং সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যখন সরকার অঙ্গীকার করেছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তখন এর বাইরে অন্য কিছু দাবি করে ঝামেলা সৃষ্টির প্রয়োজন নেই। তিনি সবাইকে ধৈর্য ধরে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান।
জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।