সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনা জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাত্র ২৪ ঘণ্টার মাথায় নাটকীয় পরিবর্তন এসেছে। কমিটি ঘোষণার পরদিনই বুধবার (১৩ মে) জেলা শাখার আহ্বায়ক ফিরোজ আহমেদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছে কেন্দ্রীয় সংসদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনসিডি) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফিরোজ আহমেদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের গতিশীলতা বজায় রাখতে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে খুলনা জেলা ছাত্রদলের ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল, যেখানে ফিরোজ আহমেদকে আহ্বায়ক করা হয়। তবে মাত্র এক দিনের ব্যবধানেই তাঁকে পদ হারাতে হলো। বর্তমানে আবু জাফর ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে খুলনা মহানগর ছাত্রদলের ৪৩ সদস্য বিশিষ্ট কমিটিতে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের খবর পাওয়া যায়নি। মহানগর কমিটিতে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব হিসেবে বহাল রাখা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা