অপপ্রচার রোধে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সচেতন করতে এবং দেশবিরোধী ও স্বার্থান্বেষী মহলের অপপ্রচার রোধে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক লিফলেট বিতরণ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ছাত্রদল।
গতকাল রবিবার (৭ জুন) বিকেলের দিকে সৈয়দপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান বলেন, “জুলাই সনদ দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সাধারণ শিক্ষার্থীদের মুক্তভাবে মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক সচেতনতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এই জুলাই সনদ বাস্তবায়নে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। আগামীতে রাষ্ট্র পরিচালনায় জুলাই সনদের প্রতিটি অক্ষর বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। অথচ একটি নির্দিষ্ট দল সাধারণ মানুষের মাঝে বিএনপিকে নিয়ে নানা মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে, যা ছাত্রদল সফলভাবে রুখে দেবে।”
কর্মসূচিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি বলেন, “একটি জবাবদিহিমূলক ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে বিএনপি যে কাজগুলো বাস্তবায়নের জন্য সাধারণ জনগণের কাছে অঙ্গীকার করেছে, আপনারা সর্বদা সোচ্চার থেকে বিএনপিকে সেই সহযোগিতা করবেন। দেশ পরিচালনার জন্য আপনারা আমাদের যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ দেশের স্বার্থে সেগুলো বাস্তবায়ন করবো।”
লিফলেট বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি গণসংযোগ করেন। এ সময় তাঁরা জুলাই সনদের বিভিন্ন ইতিবাচক দিক ও ভবিষ্যৎ রূপরেখা জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাবেদ খান রুবেল, সহ-সভাপতি ইমরান আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন আরাফাত এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। এছাড়া উপজেলা, পৌর ও স্থানীয় বিভিন্ন কলেজ শাখাসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।
এআইএল/সকালবেলা