আওয়ামী মন্ত্রীর বাসা থেকে চট্টগ্রামের নেতা মুরাদ গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ
আওয়ামী মন্ত্রীর বাসা থেকে চট্টগ্রামের নেতা মুরাদ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বাসভবন থেকে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) গুলশানের ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ দাবি এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামের আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়, যাতে মুরাদ অন্যতম এজাহারনামীয় আসামি। এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে আনোয়ারায় অনুষ্ঠিত একটি রাজনৈতিক মিছিলাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অপর একটি মামলাতেও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও ওয়াসিকা আয়শা খানের পাশাপাশি মুরাদকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনায়েত চৌধুরী জানান, সাবেক আওয়ামী লীগ নেতা মুরাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আইনি প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন