ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গণতন্ত্র শুধু জাতীয় নয়, স্থানীয় সরকার ব্যবস্থায় কার্যকর হতে হবে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, স্থানীয় সরকারব্যবস্থাতেও গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সব জায়গায় গণতান্ত্রিক অনুশীলন কার্যকরভাবে বিদ্যমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ‘সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। অর্থনৈতিক অক্ষমতার কারণে বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল করা বাস্তবসম্মত নয়; তাই নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিরোধমূলক চিকিৎসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের মৌলিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে সাধারণ রোগে ঘরে ঘরেই প্রাথমিক সেবা দেওয়া সম্ভব হয় এবং হাসপাতালের ওপর চাপ কমবে।
নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি জানান, বিএনপি সরকারের পরিকল্পনায় ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে, যা পরিবারের প্রধান নারীর নামে প্রদান করা হবে। এর মাধ্যমে মাসিক ২ থেকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।
এছাড়া আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে, যা সরকারি নার্সারির মাধ্যমে উপজেলাগুলোতে পরিকল্পিতভাবে বিতরণ করা হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ