ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে সিলেটের পথে তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।
বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘদিনের ঐতিহ্য হলো বড় কোনো কর্মসূচি বা নির্বাচনী প্রচারণা শুরুর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করা। তারেক রহমানের এই সফর মূলত সেই আধ্যাত্মিক এবং রাজনৈতিক ঐতিহ্যেরই অংশ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ