দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

Tarique Rahman Heads to Chattogram After Two Decades

দীর্ঘ দুই দশক পর আজ শনিবার রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে পলোগ্রাউন্ডে মঞ্চ নির্মাণের কাজ চলছে। নেতাকে স্বাগত জানাতে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে চট্টগ্রাম সফরে গিয়েছিলেন। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আগমনকে ঘিরে তারা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিলেন এবং সেভাবেই প্রস্তুতি এগোচ্ছে। তিনি বলেন, সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মাঝেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত দেখা যাবে বলে নেতারা ধারণা করছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন