দেশের মানুষ পরিবর্তন চায়: তারেক রহমান

দেশের মানুষ পরিবর্তন চায়: তারেক রহমান

Tarique Rahman Calls for Responsible Politics to Bring Change

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। শুধু সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উপকার হবে না। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনীতি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি যতবার ক্ষমতায় ছিল, ততবারই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। শুধু সমালোচনার স্বার্থে সমালোচনা করলে দেশের মানুষের পেট ভরবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সরকারে থাকাকালে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ১৭ বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছেন, সেদিনই জাতির সামনে ঘোষণা দিয়েছেন—দেশ ও দেশের মানুষকে ঘিরে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী তরুণ ও যুবক। কোটি কোটি তরুণ-যুবক কাজ চায়।

চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, এখানকার মানুষসহ সারা দেশের জনগণ নিরাপদ পরিবেশ চায়, যেখানে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করা যাবে এবং সন্তানরা নিরাপদ পরিবেশে লেখাপড়া করতে পারবে।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়ে আগামী ১২ তারিখ বিএনপি সরকার গঠন করতে পারলে প্রাথমিক শিক্ষাসহ সব স্তরে পরিবর্তন আনা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে শিক্ষা শেষে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন সম্ভব হয়।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, বিএনপি বড় হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চায় না। গ্রামাঞ্চলের মানুষ, নারী ও শিশুদের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এজন্য ক্ষমতায় এলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ বিএনপি সরকার নিয়েছিল। সময়ের অভাবে তা সম্পূর্ণ হয়নি। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করা হবে। প্রয়োজনে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করা হবে।

দুর্নীতি ও সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলের কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নির্বাচনি স্লোগান ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে গণতন্ত্রপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আই.এ/সকালবেলা


মন্তব্য করুন