নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ আজ: প্রধান অতিথি তারেক রহমান

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ আজ: প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মে দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) বিকালে রাজধানীতে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় ও শ্রমিক নেতারা। বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।

কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা ও আশপাশের জেলা থেকে কয়েক লাখ শ্রমিক ও নেতাকর্মীর সমাগম ঘটবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতারা জানান, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রমিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কারণে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়ক বন্ধ থাকবে এবং যানবাহনগুলো বিকল্প পথে চলাচল করবে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সমাবেশে আগতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও থাকছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন