ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামানের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, সারজিস আলম গত ২৩ জানুয়ারি পঞ্চগড়ে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় নিজ দলের প্রধান ব্যতীত অন্য দলের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ছবি ব্যবহার করে ব্যানার, বিলবোর্ড ও তোরণ স্থাপন করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৭(চ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে তিনি তিনটি তোরণ নির্মাণ করেন, যা আচরণবিধির ১৩(ক) ধারা ভঙ্গের শামিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে, যা আচরণবিধির ১৬(ক) ধারার পরিপন্থি।
এ অবস্থায় সংশ্লিষ্ট ধারাগুলো লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ