‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র হতে হবে তারেক রহমানের নিরাপত্তা: রিজভী

‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র হতে হবে তারেক রহমানের নিরাপত্তা: রিজভী

‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র হতে হবে তারেক রহমানের নিরাপত্তা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “তারেক রহমানের নিরাপত্তা নিয়ে অনেকে নানা কথা বলছেন। আমরা বারবার জানিয়েছি—সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা হতে হবে ‘বেহুলার বাসরঘরের’ মতো নিশ্ছিদ্র। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যকর কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে নিহত ফিরোজ আহমেদের স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাক্ষাতের আয়োজন করা হয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও ডা. জুবাইদা রহমানের পরামর্শে।

রিজভী বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে নজিরবিহীন। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “নির্বাচন কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে সূক্ষ্ম কারচুপির কোনো সুযোগ যেন না থাকে, তা সরকার ও কমিশনের প্রধান দায়িত্ব। জনগণ ভয়হীন পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সক্ষম হোক, সেটি নিশ্চিত করতে হবে।”

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন