ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ধর্ম যার যার, নিরাপত্তা সবার: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবার সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন এ দেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
তিনি বলেন, আপনারা এখন সেই অধিকার ফিরে পেয়েছেন। এখন আমরা সবাই এই দেশের রাজত্বের রাজা। জনগণই দেশের মালিক। দেশের মালিকানা ফিরে পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।
তিনি আরও বলেন, এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত। এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচন একটি পরীক্ষা—মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতে ভোটের মাধ্যমে গঠিত সংসদে সবচেয়ে বেশি আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন হবে জনগণের অধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে যেন সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এটি শুধু ভোটের দিনের জন্য নয়—আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।
এ সময় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্যসচিব মাওলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ছাবুসহ আরও অনেকে বক্তব্য দেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ