ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচনী প্রচারণায় নামছেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা থাকলেও বর্তমানে তিনি পুরোদমে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামীকাল থেকেই আব্দুল মান্নানের পক্ষে তার সমর্থকরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। মাঠপর্যায়ে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, ১০ দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আব্দুল মান্নান। সে অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত থাকলেও শেষ দিনে তার সমর্থকরা বাড়ি ঘেরাও করে রাখায় তিনি নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। ফলে আইনি ও প্রক্রিয়াগত কারণে তার প্রার্থিতা বহাল থেকে যায়।
এদিকে গতকাল সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অনুসারী ও নেতাকর্মীরা সরব হয়ে উঠেছেন। বিভিন্ন পোস্ট ও ছবির মাধ্যমে আব্দুল মান্নানের পক্ষে সমর্থনের জোয়ার তৈরি করা হচ্ছে। নেতাকর্মীরা তাকে ‘জনগণের প্রার্থী’ হিসেবে অভিহিত করে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন।
জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বড় ধরনের একটি গণসংযোগের মাধ্যমে নির্বাচনী কর্মসূচি শুরু করতে পারেন আব্দুল মান্নান। যদিও কর্মসূচির সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে তার মাঠে নামার খবরে মৌলভীবাজার-৩ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ