ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, দেশের মানুষই আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। তাই আমরা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন, জনগণের শাসন কায়েমের নির্বাচন এবং দেশ গড়ার নির্বাচন। তাই ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে। দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। একটি দল নানাভাবে ভোট দখলের চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় গেলে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
তিনি বলেন, ‘কেউ কেউ বলে, অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ৫০ বছর আগেই তাদের দেখা হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধে তারা স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে ছিল। যাদের ভূমিকার কারণে এই দেশের লাখ লাখ ভাই শহীদ হয়েছেন এবং লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। তাদের বাংলাদেশের মানুষ আগেই চিনে নিয়েছে।’
শায়েস্তাগঞ্জে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।
বিএনপি দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে চা-বাগানের নারী শ্রমিক ও গ্রামগঞ্জের নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।’
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছরে একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে। এসব তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উন্নয়নের নামে গত ১৫ থেকে ১৬ বছরে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।’
হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিকেল ৫টা ৩৪ মিনিটে তারেক রহমান মঞ্চে ওঠেন। নেতাকর্মীদের সঙ্গে মঞ্চেই তিনি মাগরিবের নামাজ আদায় করেন এবং প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন। তার আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। মঞ্চে উঠে তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক এমপি শাম্মী আক্তার সিফা। তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। বক্তব্য দেন বিএনপি প্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জি কে গউছ, এস এম ফয়সল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ