প্রার্থীদের প্রচারণায় সাত দফা নির্দেশনা বিএনপির

প্রার্থীদের প্রচারণায় সাত দফা নির্দেশনা বিএনপির

প্রার্থীদের প্রচারণায় সাত দফা নির্দেশনা বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের নির্বাচনি প্রচারণা পরিচালনায় সাত দফা নির্দেশনা দিয়েছে দলটি।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এসব নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হবে। এ সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে দলের মনোনীত প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাত দফা নির্দেশনা হলো—

১. ব্যানারের সর্বোচ্চ পরিমাপ ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার হতে হবে।

২. নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

৩. ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ছবি (পোর্ট্রেট) ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে রঙিন লেখা ও ছবি ব্যবহার করা যাবে।

৪. ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সঙ্গে কেবল বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ব্যবহার করা যাবে।

৫. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।

৬. কোনো প্রার্থী একটি নির্বাচনি এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।

৭. নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে।

মন্তব্য করুন