ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে এবং বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া খাল খনন কর্মসূচি এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গৃহীত বিশাল সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল। তবে পদ্মা নদীকেন্দ্রিক প্রায় এক হাজার কোটি টাকার সেচ প্রকল্পটি গত ১৬ বছরে পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে, যা এখন প্রায় অচল অবস্থায় রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই প্রকল্পটি পূর্ণ শক্তিতে পুনরায় চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, এই সেচ ব্যবস্থা শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে না; রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত উত্তরাঞ্চলের কৃষকরা এর সুফল পাবেন। উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ।
তিনি জানান, দেশের সব কৃষকের জন্য একটি কৃষি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষিঋণ, সার, বীজসহ প্রয়োজনীয় সব কৃষি উপকরণ সহজে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। কৃষিনির্ভর শিল্প স্থাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ