টক শোতে নারীবিদ্বেষের অভিযোগ, সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ: ডা. মনীষা

টক শোতে নারীবিদ্বেষের অভিযোগ, সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ: ডা. মনীষা

ডা. মনীষা চক্রবর্ত্তী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী অভিযোগ করেছেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো ‘জনতার দরবার’-এ ঘটে যাওয়া ঘটনায় সাংবাদিকতার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি জানান, অনুষ্ঠানের পরিচালনায় সংশ্লিষ্ট চ্যানেলটি পেশাদারিত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দিয়েছে।

তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানের মাঝপথে তাকে মঞ্চ থেকে সরে যেতে বলা হয়। চ্যানেল কর্তৃপক্ষ জানান, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন এবং পরে যুক্ত হবেন। কিন্তু মনীষা লক্ষ্য করেন, অন্য অতিথিদের ক্ষেত্রে এমনটি ঘটেনি। তিনি বলেন, “এটি ছিল একটি মিথ্যা অজুহাত, যা স্বচ্ছতা ও সততার ঘাটতির প্রমাণ।”

ডা. মনীষা আরও অভিযোগ করেন, বরিশাল-৫ আসনের চরমোনাইয়ের একজন প্রার্থী নারীদের সঙ্গে একই মঞ্চে বসতে অস্বস্তি বোধ করায় তাকে সরিয়ে দেওয়া হয়। তিনি এটিকে নারীবিদ্বেষের চরম বহিঃপ্রকাশ এবং চ্যানেল কর্তৃপক্ষের সমর্থিত মনোভাব হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একজন অতিথিকে এভাবে সরিয়ে দেওয়া সাংবাদিকতার পেশাদার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন। যদি আগে জানানো হতো যে অনুষ্ঠানটিতে এমন একজন অতিথি থাকবেন, যিনি নারীদের সঙ্গে বসতে অনিচ্ছুক, তাহলে তিনি অংশ নিতেন না।

ডা. মনীষা বলেন, “যিনি জনসংখ্যার অর্ধেক অংশ, অর্থাৎ নারীদের সঙ্গে বসে আলোচনা করতে পারেন না, তিনি কি আদৌ সব মানুষের প্রতিনিধি হতে পারেন? এটি বড় প্রশ্ন।” তার মতে, চ্যানেলের এমন মনোভাব একটি অনাকাঙ্ক্ষিত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নজির স্থাপন করেছে।

ঘটনার পর বৃহস্পতিবার বাসদ পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন