ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ার ডাক তারেক রহমানের

ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ার ডাক তারেক রহমানের

ওয়াফিক ইসলাম, বগুড়া: বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এক বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই পথসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেন।

পথসভায় তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও মৌলিক গণতন্ত্র থেকে বঞ্চিত। জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। তাই প্রতিটি নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের পক্ষে দেশব্যাপী গণজোয়ার গড়ে তুলতে হবে।

বক্তব্যে তিনি আরও যোগ করেন, জনগণের শক্তিই বিএনপির মূল ভিত্তি। সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মীর শাহ আলম। তিনি তার বক্তব্যে বলেন, শিবগঞ্জের মানুষ দীর্ঘ শাসনের অবসান ও পরিবর্তন চায়। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পথসভাকে কেন্দ্র করে মোকামতলা এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে পুরো সভাস্থল মুখরিত হয়ে ওঠে। সফরকালে তারেক রহমান স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন