ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ঢাকা আজ দুই ভাগে বিভক্ত—একদিকে ধনীদের ঢাকা, অন্যদিকে গরিব মেহনতি মানুষের ঢাকা। গত ৫৪ বছরে দেশের শাসকগোষ্ঠী এই বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) ঢাকা-১৪ আসনের কাউন্দিয়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “কাউন্দিয়ায় এলেই স্পষ্ট বোঝা যায় সারা দেশের মতো ঢাকাও আজ দুই অর্থনীতিতে বিভক্ত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে শুধু ব্যক্তি বদল নয়, পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। সিপিবিই পারে লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে সুষম উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করতে।” তিনি ঢাকা-১৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিনকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় ঢাকা-১৪ আসনের প্রার্থী রিয়াজ উদ্দিন বলেন, “কাউন্দিয়া বর্তমানে একটি অবহেলিত জনপদে পরিণত হয়েছে। এই এলাকাকে মূল ঢাকার সঙ্গে যুক্ত করতে দ্রুত ব্রিজ নির্মাণ করা প্রয়োজন।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এই এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণ ও পরিবেশ উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করবেন।
সভায় সিপিবি ও ছাত্র ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে একটি মিছিল ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ