ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯!

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ণ
ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯!
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা একলাফে বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যা এখন প্রায় তিন হাজার বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আজ শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুসারে, এর আগে দেশটির সরকারি তথ্যে মৃতের সংখ্যা ২৩৫ জন এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩০০ জন বলে জানানো হয়েছিল। উদ্ধারকাজ যতই এগোচ্ছে, ধ্বংসস্তূপ থেকে ততই নতুন নতুন মরদেহ উদ্ধার হচ্ছে।

এদিকে, ভেনেজুয়েলায় স্থানীয় সময় গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার পর এখনো তীব্র আতঙ্ক বিরাজ করছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষ তাদের নিজস্ব ঘরবাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। ফলে তারা এখনো খোলা আকাশের নিচে পার্ক ও উন্মুক্ত চত্বরে রাত কাটাচ্ছেন।

কারাকাস থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা বলেন, “মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে তারা গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে।”

তিনি আরও বলেন, ভেনেজুয়েলার নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়েও চরম উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ধার তৎপরতার জন্য দ্রুত প্রয়োজনীয় সম্পদ ও ভারী সরঞ্জাম নিশ্চিত করা। ধসে পড়া বহুতল ভবনের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন। তাদের কাছে পৌঁছাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা দিতে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবল প্রয়োজন।

মন্তব্য করুন