জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন

সাঈদ পান্থ, বরিশাল: রাজনৈতিক প্রক্রিয়া লাগাতার জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন এমপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে ‘সাপ্তাহিক গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনের মতো রাষ্ট্র পরিচালনাতেও জবাবদিহিতা জরুরি। শেখ হাসিনা বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জবাবদিহিতা এড়াতে চেয়েছেন, যার পরিণতিতে আজ তাঁকে চূড়ান্ত ব্যর্থতা নিয়ে বিদায় নিতে হয়েছে।

গণমাধ্যমের অপব্যবহার ও জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, বড় মিডিয়া হাউজ হলেও জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়। সংবাদমাধ্যমের সঠিক নীতিমালা অনুসরণ ও কর পরিশোধের সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা উচিত। অপতথ্য ছড়িয়ে মিডিয়া ট্রায়াল এবং ব্যক্তিস্বার্থ উদ্ধারের রাজনীতির সমালোচনা করে তিনি জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।

গৌরনদী পরিক্রমার প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ স্থানীয় জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা নতুন সাপ্তাহিক পত্রিকার মোড়ক উন্মোচন করেন। পরে দুপুরে সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানেও অংশ নেন জহির উদ্দিন স্বপন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন