ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলের এই ঘটনায় নিহতের স্বামী ফাহিম আল হাসানকে প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জাবি প্রক্টর এ কে এম রশিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পারে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে শারমিনের স্বামী ফাহিম বাসায় ফিরে দরজা তালাবদ্ধ দেখতে পান। ভেতরে ঢুকে তিনি শারমিনকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। বাড়ির মালিকের সহায়তায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৫টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, “শারমিন জাহানকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা নিশ্চিত। এই মুহূর্তে তাঁর স্বামী ফাহিমই আমাদের প্রধান সন্দেহভাজন। তাঁকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, “শিক্ষার্থী শারমিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথার ডান পাশে ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে, যা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা বিভাগ তদন্ত চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ