ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রিয়াদের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আবদুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
গত ৮ মার্চ রিয়াদের পার্শ্ববর্তী আল খারজ এলাকায় একটি ক্লিনিং মেইনটেন্যান্স কোম্পানির আবাসনে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। এই নিয়ে ওই একই ঘটনায় মোট তিনজন বাংলাদেশি প্রবাসী কর্মী প্রাণ হারালেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত আবদুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। দূতাবাস সূত্রে জানা গেছে, হামলার পর মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় এক পর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তাঁর মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে এই একই হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছিলেন। তাঁদের একজন কিশোরগঞ্জের বাচ্চু মিয়া, যাঁর মরদেহ হামলার প্রচণ্ডতায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। অন্যজন হলেন টাঙ্গাইলের মো. মোশাররফ হোসেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত মোশাররফ হোসেনের মরদেহ আগামী শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আবদুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে এসেছে। রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সহায়তার পাশাপাশি আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ