দক্ষতা ও পুষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
দক্ষতা ও পুষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে দক্ষ, যোগ্য ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রম উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও কর্মমুখী দক্ষতা বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে বহুমুখী পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মিড-ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধ সম্ভব হবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “টাঙ্গাইলে কোনোভাবেই মাদকের বিস্তার ঘটতে দেওয়া হবে না। সন্তানদের মানুষ করতে অভিভাবকেরা জমি বা গবাদিপশু বিক্রি করে পড়ালেখার খরচ চালান। সেই সন্তান মাদকে জড়ালে পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে যায়। তাই মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষক, অভিভাবকসহ সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ও প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক। পরে অতিথিরা মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষার্থীদের খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন