সনদনির্ভর নয় কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: কেবল সনদ বা ডিগ্রিধারী নয়, শিক্ষার্থীদের দক্ষ, নৈতিকতাসম্পন্ন এবং কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রবিবার (২৮ জুন) ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “অতীতের সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের মূল অগ্রাধিকার।”
বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে ববি হাজ্জাজ উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের দক্ষতার মান অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমতুল্য। তিনি বলেন, “এই বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় পাস করানো নয়, বরং আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা নিশ্চিত করা।”
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিনের দুর্নীতি ও পরিকল্পনার ঘাটতির কারণে দেশের শিক্ষামান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক করছে যেখানে চাকরির সুযোগ সীমিত। তাই ক্যারিয়ারভিত্তিক এবং দক্ষতাকেন্দ্রিক শিক্ষার সম্প্রসারণই এখন সময়ের দাবি।
একটি উন্নত রাষ্ট্র গঠনে মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, নতুন শিক্ষাব্যবস্থায় নৈতিকতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানল্লাহ, কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
জান্নাত সকালবেলা
|