রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট’-এর উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চলমান রাখার ওপর জোর দেন। তিনি বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের বিরুদ্ধে চলমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং এসব হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান তিনি পুনর্ব্যক্ত করেন। বর্তমানে এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়েও তিনি আলোকপাত করেন।

নিউইয়র্কে এই সফরের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন